নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
“যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়”-কে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মতবিনিময়, গাছের চারা বিতরণ এবং সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল রাজা এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার উদীয়মান তরুণ উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাদের সঠিক প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত যুবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা তরুণদের উদ্দেশে বলেন, “শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসতে হবে।” এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি যুবসমাজের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন নিশ্চিত করতে গাছের চারা বিতরণ করা হয়।
যুবকদের দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।