জাহিদ হাসান
বিশেষ প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের পরিবার।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচরে এ ঘটনা ঘটে। বুধবার (১ জুলাই) রাতে অভিযুক্ত হামজাকে আশুলিয়া থানায় নিয়ে যান নিহতের স্বজনরা।
নিহত নাহিদ হাসান (১৫) লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন। তার বাবা মোস্তাক পেশায় একজন কসাই।
নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম কৌশলে নাহিদকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ আশুলিয়ার একটি বালুচরে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যান তারা।
নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।