শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর এবার উজ্জ্বল হয়েছে দুই তরুণ মেধাবীর অনন্য সাফল্যে। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে একযোগে কৃতিত্ব দেখিয়ে তারা ছড়িয়ে দিয়েছেন গর্ব ও আনন্দের আলো।
গণিত ক্যাডারে সারাদেশে প্রথম স্থান অর্জন করে মধ্যনগরের বংশীকুন্ডা গ্রামের মোঃ অলি উল্লাহ হয়েছেন দেশসেরা। বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই সম্পন্ন করেন উচ্চশিক্ষা।
মোঃ আব্দুল হেকিম ও হাজেরা খাতুন দম্পতির একমাত্র সন্তান অলি উল্লাহর এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
অন্যদিকে, সর্বকনিষ্ঠ ক্যাডার হিসেবে দেশব্যাপী নজর কেড়েছেন মধ্যনগর গ্রামের খাদিজা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিসিএসে উত্তীর্ণ হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মরহুম আব্দুল আজিজ ও হাজেরা বেগম দম্পতির একমাত্র কন্যা খাদিজা এসএসসি পাস করেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি সিলেট সরকারি মহিলা কলেজ থেকে।
এই দুই তরুণ-তরুণীর যুগল সাফল্যে মধ্যনগরজুড়ে বইছে আনন্দ ও গর্বের স্রোত। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষী, শিক্ষক ও এলাকাবাসীরা জানাচ্ছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, বলছেন, “অলি ও খাদিজা আমাদের মধ্যনগরের গর্ব, তাদের সাফল্য আগামীর প্রজন্মের অনুপ্রেরণা।”