শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এ বছর উপজেলার তিনটি কলেজের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে হাওরাঞ্চলের বাতিঘর — বংশীকুন্ডা কলেজ।
প্রতিষ্ঠানটির মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজের পাশের হার ৬০ দশমিক ১২ শতাংশ, এবং লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশের হার ৬৯ দশমিক ৮৯ শতাংশ।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বংশীকুন্ডা কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আন্তরিকতা, নিয়মিত ক্লাস কার্যক্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় এ বছরও তারা উপজেলার শীর্ষে স্থান করে নিয়েছে।
শিক্ষার্থীরা জানান— “আমরা হাওর এলাকায় থেকেও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এগিয়ে যাওয়ার জন্য। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত পাঠদান আমাদের সাফল্যের প্রধান চালিকাশক্তি।”
আরেক শিক্ষার্থী বলেন, “অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্ভোগ থাকা সত্ত্বেও আমাদের কলেজ কখনো থেমে থাকেনি। সরকারের সহযোগিতা ও আধুনিক শিক্ষা সরঞ্জাম পেলে কলেজটি শুধু মধ্যনগর নয়, পুরো সুনামগঞ্জ জেলাতেই একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে।”
কলেজের শিক্ষকবৃন্দ জানান, “বংশীকুন্ডা কলেজ হাওর অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরও ভালো ফলাফল উপহার দিতে পারব।”
সাফল্যের এই ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ পুরো এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত।