মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচং উপজেলায় পিকআপযোগে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন-এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, একটি সংঘবদ্ধ চক্র কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের একটি ফিলিং স্টেশন থেকে ড্রামভর্তি ডিজেল সংগ্রহ করে পিকআপে করে অন্যত্র পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার ৬০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পুরাতন সাকুরা (SAKURA) ব্র্যান্ডের জেনারেটরও উদ্ধার করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
নিহার বড়াল (৩৯), পিতা-মৃত নিখিল বড়াল, জেলা-বরিশাল;
রাকিব হোসেন (২৪), পিতা-মোঃ মোস্তফা, জেলা-লক্ষ্মীপুর;
মোঃ নুর উদ্দিন (২৮), পিতা-মৃত বদরুজ্জামান, জেলা-চট্টগ্রাম;
মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা-মোঃ ফজলুল হোসেন, জেলা-নোয়াখালী এবং
রতন চন্দ্র দাস (৫০), পিতা-মৃত মাখন চন্দ্র দাস, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অধিক মুনাফার আশায় তারা ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে অন্যত্র বিক্রির পরিকল্পনা করেছিলেন। গ্রেপ্তারকৃত রতন চন্দ্র দাস সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সচেতন মহল বলছে, জ্বালানি তেল নিয়ে কালোবাজারি ও মজুতদারির মতো অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।