মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে আছে। জেলার অন্যান্য উপজেলার তুলনায় এখানে বিদ্যালয়ে ভর্তি হার তুলনামূলকভাবে বেশি হলেও উপস্থিতি হার আশানুরূপ নয় বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা অফিস।
শিক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মধ্যনগর উপজেলার বেশিরভাগ এলাকা হাওর বেষ্টিত ও দুর্গম। বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় শিক্ষকরা বিদ্যালয়ে পৌঁছাতে না পারায় পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।
এ ছাড়া এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র। অনেক অভিভাবক দিনমজুর বা কৃষি শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন। জীবিকার প্রয়োজনে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর চেয়ে কাজ শেখানোর দিকে বেশি মনোযোগী। বিশেষ করে বর্ষাকালে অনেক শিশু নৌকাচালনা, মাছ ধরা কিংবা কৃষিকাজে যুক্ত হয়।
রংচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উমা রানী সরকার বলেন, “বিদ্যালয়ে ভর্তি সংখ্যা ভালো থাকলেও নিয়মিত উপস্থিতি অত্যন্ত কম। অনেক শিশু মৌসুমভিত্তিকভাবে স্কুলে আসে।”
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম না থাকায় অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় ক্লাস করে। ফলে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না এবং ধীরে ধীরে বিদ্যালয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।
শিক্ষাবিদদের মতে, প্রাথমিক শিক্ষায় অগ্রগতি আনতে হলে এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশেষ উদ্যোগ নিতে হবে। দুর্গম অঞ্চলে নৌ-বিদ্যালয় চালু করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাবার ও শিক্ষাসামগ্রী সরবরাহ করা প্রয়োজন।
#
শিহাব মিয়া
০২.১১.২৫
০১৭৯৯-১১৩৬৫৩