শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলায় উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৫–২৬ অর্থবছরে “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আওতায় “GAP কৃষক সার্টিফিকেশন” বিষয়ক এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। এর লক্ষ্য নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, সঠিক কৃষি ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহারের নিয়ম, ফসল সংগ্রহ ও সংরক্ষণ কৌশল এবং GAP সনদ অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের অতিরিক্ত উপপরিচালক নাজমুল কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রশিক্ষণ ম্যানুয়াল, ব্যাগ, কলম-খাতা, নগদ ৮০০ টাকা সম্মানী, দুপুরের খাবার এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং স্থানীয় কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।