মোঃ শাহজাহান বাশার
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলায় ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহ ও খাদ্যশস্য মজুদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং সরকারি মজুদ শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইমাম মজুমদার, মাননীয় উপদেষ্টা, খাদ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবীর, মহাপরিচালক (মধ্য), খাদ্য অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ বেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা।
সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধান সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবে এবং সরকারি খাদ্যশস্য মজুদ নিরাপদ থাকবে। ধান সংগ্রহ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম, মধ্যস্বত্বভোগী বা দুর্নীতি না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আগামী মৌসুমে খাদ্য ঘাটতি এড়াতে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গুদাম ব্যবস্থাপনা উন্নত করা, সংরক্ষণে ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষে উদ্বুদ্ধ করা, উন্নত বীজ ও সার ব্যবহারে সহায়তা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।
সভায় জেলা খাদ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, খাদ্য গুদাম কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা থেকে প্রাপ্ত দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা জেলায় ২০২৫-২৬ অর্থবছরে সফলভাবে আমন ধান সংগ্রহ, পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।