নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে নদী রক্ষা বাঁধের জিওব্যাগ কেটে ভেতরের বালু নদীতে ফেলে দিয়ে খালি ব্যাগ লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় এক অসাধু চক্রের এমন কর্মকাণ্ডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত কোটি টাকার বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে, যার ফলে বর্ষা মৌসুমে এলাকাটিতে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজারো স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে নদীভাঙন রোধ ও কিনারা সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিসি ব্লকের পাশাপাশি জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ বাস্তবায়ন করে। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি দিবালোকে বাঁধের স্থাপন করা জিওব্যাগগুলো কেটে ফেলছে। তারা ভেতরের বালু পানিতে ফেলে দিয়ে খালি ব্যাগগুলো লুট করে নিয়ে যাচ্ছে। বাঁধ থেকে এভাবে জিওব্যাগ অপসারণ করায় এর স্থায়িত্ব চরমভাবে বিনষ্ট হচ্ছে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সচেতন যুবসমাজ ও অধিবাসীরা জানান, বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ এবং স্রোত বাড়লে এই ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো থেকেই বিশাল আকারের ভাঙন শুরু হবে। ফলে কোটি টাকার সরকারি উদ্যোগ ব্যর্থ হওয়ার পাশাপাশি ভিটেমাটি ও ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন তারা।
এলাকার সচেতন সমাজের পক্ষ থেকে জিওব্যাগ লুটপাট বন্ধে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের আশু ও জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পাশাপাশি বাঁধ এলাকায় নিয়মিত মনিটরিং নিশ্চিত করা এবং নদী রক্ষা বাঁধের নির্মাণকাজ মানসম্মতভাবে সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, তা সরেজমিনে তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো আহ্বান জানানো হচ্ছে।