মোঃ মাসুম বিল্লাহ
পিরোজপুর প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার অংশ হিসেবে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর শনিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্লা, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহ্বায়ক আ. মান্নান হাওলাদার ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার। এ ছাড়া সুশীল সমাজের পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার ও মিতুল চন্দ্র বেপারীসহ স্থানয়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কেবল সরকারি উদ্যোগে ডেঙ্গু দমন সম্ভব নয়। প্রতিটি বাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করা এবং নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সর্বস্তরের জনগণকে এ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।