নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানিশুদ্ধ মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: বিকাল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মাদককারবারি মোঃ মজনু মিয়া মজু (৪০), পিতা- মৃত আনছার আলী, সাং- সাহাটারী দীঘিরপাড়, ইউপি- রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম-এর নিজ বসতবাড়ি থেকে ৪০ (চল্লিশ) বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় গোপনে অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক প্রধান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে নাগেশ্বরী থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।