মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালামের নির্মাণাধীন বাড়ির কাজ চলাকালে অভিযুক্ত আক্তার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে সদর বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে অভিযানে নামা হয়। প্রাথমিক তদন্তে চাঁদা দাবির সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।