রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক ওই সময় তানোর উপজেলা ভূমি অফিসে উপস্থিত হন। এ সময় অফিসের একটি কক্ষে পেশকার সাজ্জাদ সুমনের কাছে দুই ব্যক্তি টাকা দেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, টাকা নেওয়ার পর সাজ্জাদ সুমন তা গোপনীয়ভাবে নিজের পকেটে ঢুকিয়ে নেন। ঘটনাটির একটি ভিডিও ধারণ করা হয়েছে বলেও সাংবাদিকরা জানিয়েছেন।
সাংবাদিকদের অভিযোগ, টাকা নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করা হচ্ছে বুঝতে পেরে সাজ্জাদ সুমন দ্রুত উঠে দাঁড়ান। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের উদ্দেশে “কিসের সাংবাদিক, ঘর থেকে বের হয়ে যা”—এ ধরনের মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তারা উপজেলা ভূমি কর্মকর্তা শিব শংকর বসাকের কক্ষে গিয়ে তাকে না পেয়ে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে রিং হলেও তিনি তা রিসিভ করেননি বলে সাংবাদিকরা জানান। ফলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাংবাদিকদের দাবি, ঘটনার সময় ধারণ করা ভিডিওতে টাকা লেনদেন করেন ভিকটিম তা প্রকাশ করেন ।
সাংবাদিকদের মধ্যে ক্ষোভ
সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালনকারী একজন কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথিত অসদাচরণের অভিযোগেরও প্রতিবাদ জানিয়েছেন তারা।
সাংবাদিকদের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে রুমের ভিডিও ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ যাচাই করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে সরকারি ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনৈতিক লেনদেনের শিকার না হন, সে বিষয়েও কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি উঠেছে।