নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
আসন্ন ১৪ নম্বর কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোঃ মোক্তাদির রহমান মুকিদ অ্যাডভোকেট। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নিজ জন্মভূমি কেদার ইউনিয়নের মানুষের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মুকিদ। তিনি কেদার ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণার বিষয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও স্থানীয় বাজারে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের একটি অংশ তার শিক্ষাগত যোগ্যতা, আইন পেশার অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।
অ্যাডভোকেট মোঃ মোক্তাদির রহমান মুকিদ বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসিনি। কেদার ইউনিয়নের খেটে খাওয়া মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য। কেদার ইউনিয়নকে একটি স্মার্ট ও শোষণমুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবা সহজতর করার জন্য কাজ করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, নতুন প্রার্থীদের অংশগ্রহণের ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কেদার ইউনিয়নের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।