হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ জানুয়ারি (শুক্রবার) কলেজটির নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। জানা গেছে, নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে তালন্দ গ্রামের বাসিন্দা আব্দুস সালাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে এবং নিয়োগের আগেই অধ্যক্ষ ও চারজন কর্মচারী নিয়োগে কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযোগের অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়।
এ ঘটনায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিয়োগ বোর্ড স্থগিত করতে বাধ্য হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, নিয়োগ বাণিজ্যের অর্থ ভাগ-বাটোয়ারা নিয়ে কলেজ সংশ্লিষ্ট স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংশ্লিষ্টরা নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেন।
গোপনে নিয়োগ বোর্ডের চেষ্টা
জানা গেছে, চলতি মাসের ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোকের দিন গোপনে শহরে নিয়োগ বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, কয়েকজন সদস্য ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে স্থানীয় নেতাদের মধ্যে অর্থ ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ওই দিনের বোর্ডও স্থগিত করা হয়। পরে পুনরায় ১৬ জানুয়ারি নিয়োগ বোর্ড আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তার আগেই অভিযোগের কারণে সেটিও ভেস্তে যায়।
সরকারি নীতিমালা অনুযায়ী অধ্যক্ষ নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং কর্মচারী নিয়োগ জেলা প্রশাসকের মাধ্যমে হওয়ার কথা। অথচ এসব নিয়ম উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সভাপতির পছন্দ অনুযায়ী নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয়দের দাবি, গত বছরের ৬ অক্টোবর সিনিয়র প্রভাষক সাবিহা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নীতিমালা লঙ্ঘন করে নিয়োগ দিতে অস্বীকৃতি জানান। এতে গভর্নিং বডির সভাপতি ও একটি সিন্ডিকেট চক্র তার ওপর চাপ প্রয়োগ করে। চাপের কাছে নতি স্বীকার না করায় তাকে সরিয়ে দিয়ে নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় শিক্ষক ও সচেতন মহলের অভিযোগ, স্বৈরাচার সরকারের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সুপারিশে সেলিম উদ্দিন কবিরাজ তানোর (চাপড়া) মহিলা কলেজের সভাপতি ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাকেই আবার তালন্দ কলেজের সভাপতি করা হয়েছে। এতে শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
তাদের প্রশ্ন, “তিনি ছাড়া কি আর কেউ যোগ্য সভাপতি হওয়ার মতো ছিলেন না? ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন,
“নিয়োগ বোর্ড স্থগিত হয়েছে। তবে কী কারণে হয়েছে, তা আমি জানি না। সভাপতি ও গভর্নিং বডির সদস্যরা ভালো বলতে পারবেন। আমার চাকরির সময় অল্প, আমি সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।”
গভর্নিং বডির সভাপতি সেলিম উদ্দিন কবিরাজ বলেন,
“নিয়োগের আগেই কোটি টাকার বেশি লেনদেন হয়েছে—এমন অভিযোগ করায় আপাতত নিয়োগ বোর্ড স্থগিত রাখা হয়েছে। কলেজের জমির খাজনা প্রায় ৩০ লাখ টাকা এবং বিদ্যুৎ বিল ৪–৫ লাখ টাকা বকেয়া রয়েছে। আগের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার প্রায় ৪০–৫০টি পদে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তখন সবাই চুপ ছিল। এখন আমরা স্বচ্ছভাবে নিয়োগ দিতে চাইলে সেটাই কারও সহ্য হচ্ছে না।”
ভবানীপুর দাখিল মাদ্রাসার নিয়োগও স্থগিত
এদিকে, কামারগাঁ ইউনিয়ন ইউপির ভবানীপুর দাখিল মাদ্রাসায় শনিবার দুইজন কর্মচারী নিয়োগের জন্য বোর্ড বসার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে। স্থানীয় নেতাদের মধ্যে নিয়োগের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“মোবাইলে এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। সাক্ষাতে কথা বলব। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বন্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।