শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় সাপের গর্তে আগুন দিতে গিয়ে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে বাঙ্গালভিটা বঙ্গবন্ধু বাজারের পূর্ব পাশে, মেইন রোডসংলগ্ন সুলতান সাংমার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুলতান সাংমা জানান, তার বসতঘরের ভেতরে একটি সাপের গর্ত ছিল। সাপ তাড়ানোর উদ্দেশ্যে তিনি গর্তে আগুন দেন এবং কিছু সময়ের জন্য ঘরের বাইরে অবস্থান করেন। পরে ফিরে এসে দেখেন, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে ঘরের কিছু অংশ পুড়ে গিয়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দেন।