মোঃ আজিজুল গাজী
জেলা প্রতিনিধি বাগেরহাট
পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে আজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ আর আরতির আলোয় মণ্ডপগুলো মুখর হয়ে উঠলেও ভক্তদের হৃদয়ে এখন বিদায়ের সুর।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আয়োজন করা হবে। নির্ধারিত ঘাটগুলোতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ধর্মীয় শাস্ত্রমতে, নবমী তিথিতে রাবণ বধের পর শ্রী রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন। সেই আচার অনুযায়ী নবমী বিহিত পূজা, যজ্ঞ ও বিশেষ অঞ্জলি অনুষ্ঠিত হয়। নীল অপরাজিতা ফুল, ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হয়। বিশ্বাস করা হয়, এই পূজার মাধ্যমে মানবকুলে সমৃদ্ধি নেমে আসে।
রাজধানীর বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে নতুন পোশাকে শিশু, পরিবারের সঙ্গে ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু হওয়া উৎসব বিকেলের দিকে রূপ নেয় মিলনমেলায়। সবার চোখে-মুখে আনন্দ থাকলেও মনে বাজছে বিদায়ের বিষণ্ন সুর "আসছে বছর আবার হবে"।
আজ সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।