মোঃ শাহজাহান বাশার,
সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকার শাহবাগ মোড়ে পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অবরোধ করেছেন। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ করেছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মোড়ে অবস্থান নেন এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে নগরীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সকাল থেকেই তারা নিজ নিজ কলেজে বিক্ষোভ মিছিল করেন। এতে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা সরকারের কাছে তাদের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।