রাসেল শেখ সুমন
ফকিরহাট উপজেলা প্রতিনিধি..
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দীর্ঘদিন ধরে বিলম্বিত শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেে
বুধবার (২১/০১/২০২৬) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বাগেরহাট আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট পিসি কলেজের সামনে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— “হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না”, “আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব”, এবং “ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, জিন্দাবাদ”
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোর্শেদ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আমিনুর ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান সাইফ, জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আহমাদ আব্দুল্লাহসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
সভাপতির বক্তব্যে হাফেজ মোর্শেদ আলম বলেন, “ছাত্রদের অধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা আমরা মেনে নেব না। খুনি হাসিনার শাসনামলে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে দেওয়া হয়নি। যারা এই নির্বাচন বন্ধ করেছে তারা তখন ক্ষমতায় ছিল, তারাই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছিল। অথচ আজ তারা সংবাদ সম্মেলন করে বলছে—ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে?”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান সাইফ বলেন, “বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি নির্বাচনেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশভাবে বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয় অর্জনে ব্যর্থ হয়ে একটি মহল এখন ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “ছাত্রজনতা এখন বাস্তবতা বুঝতে শুরু করেছে। তাই আগামী শাকসু নির্বাচন আর কোনোভাবেই বিলম্বিত করা যাবে না। দ্রুত সময়ের মধ্যেই এই নির্বাচন বাস্তবায়ন করতে হবে।”
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। দোয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।