হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় এক সাংবাদিক পরিবারের দীর্ঘদিনের ভোগদখলে থাকা ৩৪ শতক পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয় কয়েকজনকে ভূমিদস্যু আখ্যা দিয়ে বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন ও তাঁর আত্মীয়স্বজনের মালিকানাধীন উত্তর নওদাপাড়া (মহানগর আবাসিক এলাকার পশ্চিম পাশে অবস্থিত) এলাকার প্রায় ৩৪ শতক জমি, যা পরিবারটি ১৯৭৭ সাল থেকে বৈধভাবে ভোগদখল করে আসছে, সেটি দখলের চেষ্টা করছে একই এলাকার হাজীপাড়া মহল্লার সিদ্দিকের ছেলে আব্দুল মালেক এবং তাঁর ছেলে মেহেদী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৯ মে ২০২৬ সকাল প্রায় ১০টার দিকে আব্দুল মালেক ও তাঁর ছেলে মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করেন। সে সময় জমিতে থাকা প্রায় ২৫ বছর আগে রোপণ করা আমগাছ প্রয়োজনীয় কাজে কর্তন করা হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা সেখানে গিয়ে গাছ কাটার কাজে বাধা দেন এবং কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।
এ সময় তারা সাংবাদিক পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মারমুখী আচরণে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে।
অভিযোগে আরও বলা হয়, একই দিন বিকেলে অভিযুক্তরা পুনরায় ঘটনাস্থলে এসে গাছ কাটলে "চরম ক্ষতি করা হবে" বলে হুমকি দেয়। জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তারা দাবি করেন, "এই জমি আমাদের।" তবে অভিযোগকারী পরিবারের দাবি, জমিটি তারা বৈধভাবে ক্রয় করেছেন এবং প্রায় পাঁচ দশক ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
শুধু একদিনের ঘটনাতেই বিষয়টি সীমাবদ্ধ নয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা নিয়মিত ওই বাগানে গিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে জমিটি দখলের পরিবেশ তৈরির চেষ্টা করছে।
সর্বশেষ ১৭ জুন ২০২৬ বিকেলে অভিযুক্ত মেহেদী বাগানে গিয়ে আমগাছ ও মেহগনি গাছ দেখিয়ে সাংবাদিক পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, "এসব গাছে হাত দিলে পরিণাম ভালো হবে না।" অথচ অভিযোগকারী পরিবারের দাবি, এর আগের দিনই দুর্বৃত্তরা বাগানের অধিকাংশ আম পেড়ে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা, অভিযুক্তরা যে কোনো সময় পেশীশক্তির মাধ্যমে বাগানটির দখল নিতে পারে। এমনকি গাছ কেটে নেওয়া বা জোরপূর্বক দখলচেষ্টার ঘটনাও ঘটতে পারে। এতে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন। দীর্ঘদিন ধরে চলমান ভয়ভীতি ও হুমকির কারণে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা তাদের জমির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহমখদুম থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।