মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন প্রকল্পের পাশে সড়ক ধসের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, আমিন মোহাম্মদ গ্রুপের একটি ১৮ তলা ভবন নির্মাণ প্রকল্পের বেজমেন্ট খননের কাজ চলছিল। ভারী বৃষ্টির পর খননকাজের পাশের মাটি সরে গিয়ে সড়কের একটি অংশ ধসে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির জন্য প্রায় তিন তলা সমপরিমাণ গভীর বেজমেন্ট নির্মাণের উদ্দেশ্যে ভেকু (এক্সকাভেটর) দিয়ে খননকাজ করা হয়েছিল। শনিবার রাতের বৃষ্টির পর খননস্থলের আশপাশের মাটি দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে সড়কের একটি বড় অংশ ধসে যায়।
ধসের ফলে সড়কের পাশে থাকা একটি দোকান মাটির নিচে চাপা পড়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও মাটি ধারণের কার্যকর ব্যবস্থা ছাড়া গভীর খননকাজ পরিচালনা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পর নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ধসের কারণ নিরূপণ এবং আশপাশের ভবন ও অবকাঠামোর ঝুঁকি মূল্যায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কার, ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন