শিহাব মিয়া, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) উপজেলার মহিষখলা বাজার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের উপকারভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি কৃষককে ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং ৫ কেজি উচ্চফলনশীল ধানবীজ বিনামূল্যে প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন মিয়া, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাশেম মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে সার ও উন্নত জাতের ধানবীজ বিতরণ করা হচ্ছে। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।