শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের বদলির প্রজ্ঞাপন জারি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করছেন উপজেলার সাধারণ মানুষ ও সুশীল সমাজের ব্যক্তিরা।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা ইউএনও উজ্জ্বল রায়কে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, তিনি ১৯ নভেম্বর ২০২৪ তারিখে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নিষ্ঠা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই মধ্যনগর উপজেলার মানুষের মন জয় করে নেন।
বদলির খবর প্রকাশের পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যনগরের বাসিন্দারা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই তার কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণের প্রশংসা করে মন্তব্য করছেন।
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক তাদের ফেসবুক পোস্টে লিখেছেন, “মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের মতো একজন জনবান্ধব কর্মকর্তাকে মধ্যনগরবাসীর আরও কিছুদিন প্রয়োজন ছিল।”
তাদের মতে, দায়িত্ব পালনের সময় তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন।
তবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।