পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
অনুষ্ঠানে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ, সার, নারিকেল চারা, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, লেবু চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, শাকসবজির বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায়
নারিকেল সহ অন্যান্য গাছের চারা ৪৬০০ কি,লেবু ২০০টি, সবজি বীজ ৬০০ জনকে এবং আমন ধানের বীজ ৮০০ জনের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ উদ্যোগ গ্রহণ করায় কৃষি আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকরা উৎসাহিত হবে।
কৃষকরা সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।