মোঃ শাহজাহান বাশার
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সুভাষ বোস অ্যাভিনিউ। ভাঙাচোরা রাস্তা, খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা গর্ত, ফুটপাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথর ও নির্মাণসামগ্রী—সব মিলিয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সড়কটির দুই পাশে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।
সুভাষ বোস অ্যাভিনিউয়ের পাশেই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিন ছোট মেয়েকে নিয়ে যাতায়াত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম। তার বাসা ঋষিকেশ দাস লেনে। তিনি বলেন, প্রতিদিন মেয়ের হাত ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ রাস্তা পার হতে হয়। ফুটপাতজুড়ে ইট ও ভাঙা অংশ থাকায় সামান্য অসতর্কতায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টি হলে পুরো রাস্তা কাদা ও নোংরা পানিতে ডুবে যায়, ফলে স্কুল ড্রেসও নোংরা হয়ে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া পার্ক থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত প্রায় ৫৮০ মিটার দীর্ঘ এ সড়ক সংস্কার প্রকল্পের কাজ গত জুনে শুরু হয়। সড়কের পাশাপাশি ড্রেন ও ফুটপাত সংস্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। তবে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। আগামী মে মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে

সরেজমিনে দেখা যায়, সুভাষ বোস অ্যাভিনিউয়ের দুই পাশে অন্তত নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল উল্লেখযোগ্য। পাশাপাশি আশপাশের অলিগলিতেও রয়েছে আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
সড়কের কিছুটা সামনে এগোলেই দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ঢাকা কলেজিয়েট স্কুল ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও রয়েছে এই এলাকায়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই ভাঙাচোরা সড়ক দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
কাদা, পানি ও ধুলাবালির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের পাশাপাশি সদরঘাট, ইসলামপুর ও নবাবপুরের বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী সাধারণ পথচারী ও যানবাহনকেও। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও নর্দমা সংস্কারের জন্য খোলা ম্যানহোল থাকায় পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।
ঢাকা মহানগর মহিলা কলেজ ও ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে একাধিক খোলা নর্দমা চোখে পড়ে, যেগুলোর অনেকটিতে কোনো সতর্কতামূলক চিহ্ন নেই। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী লাঠি বা কাঠি দিয়ে বিপজ্জনক জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বা সড়কের মাঝখানে নর্দমার ঢাকনা খোলা থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে যেকোনো সময় শিক্ষার্থী বা পথচারী বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। এটি নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার উদাহরণ।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাসের পর মাস কাজ চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। রসায়ন বিভাগের শিক্ষার্থী মৌসুমি আক্তার বলেন, বৃষ্টি হলে পানি ও কাদায় রাস্তায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।
সড়কের পাশে খাবারের দোকান চালানো মামুন হোসেন জানান, বৃষ্টির সময় পানি দোকানের ভেতরে ঢুকে পড়ে, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে দোকান খোলা রাখা কঠিন হয়ে যায়। রাস্তার গর্তে প্রায়ই রিকশা ও যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, একবার রাস্তা কাটলে বছরের পর বছর কাজ শেষ হয় না। শুকনো দিনে ধুলায় চলাচল কষ্টকর আর বৃষ্টির দিনে কাদা-পানি মাড়িয়ে চলতে হয়। ভালো জায়গাগুলোও হকারদের দখলে।
এ বিষয়ে সড়ক সংস্কার প্রকল্পের পরিচালক ও ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেম বলেন, বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকায় প্রকল্প কিছুটা পিছিয়েছে। তবে নভেম্বর থেকে কাজের গতি বেড়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা রয়েছে।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী আজিজুর রহমান জানান, সংস্কারকাজ ধীরগতির বিষয়টি তারা জেনেছেন। তবে উন্নয়নের নামে জনগণের দুর্ভোগ মেনে নেওয়া যায় না। কাজের সময় অবশ্যই শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তার সঙ্গে কথা বলার পর সড়কের কয়েকটি স্থানে খোলা ম্যানহোলের পাশে ঢাকনা বসাতে দেখা গেছে।