মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
ভোলা জেলা প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দলের প্রতি উন্মাদনা মুহূর্তেই রূপ নিল আজীবন কান্নায়। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. ইসমাইল নামের এক ১৯ বছর বয়সী তরুণ। এই ঘটনায় মো. সবুজ নামের এক পথচারী গুরুতর জখম হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক মো. ইসমাইল, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা মাকসুদ ও জাহানারা বেগম দম্পতির ছেলে। তিনি ব্রাজিলের অন্ধ ভক্ত ছিলেন এবং শোভাযাত্রায় অংশ নিতে ঘর থেকে বের হয়েছিলেন আহত পথচারী মো. সবুজ, বাড়ি দৌলতখান সড়ক এলাকায়। দুর্ঘটনার সময় তিনি রাস্তার পাশে ছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতার বিশ্বকাপকে সামনে রেখে শনিবার বিকেলে বোরহানউদ্দিন পৌর ভবনের সামনে থেকে ব্রাজিল সমর্থকদের একটি পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শত শত সমর্থক জার্সি পরে, পতাকা হাতে এই বহরে অংশ নেন।
শোভাযাত্রাটি যখন দৌলতখান রাস্তার মোড়ে পৌঁছায়, তখন পেছনের সারির বা বহরে যোগ দিতে আসা ইসমাইলের মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বাইকটি ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা পথচারী সবুজকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে শোভাযাত্রার অন্য সদস্যরা সড়কের পাশে ব্রাজিলের জার্সি পরিহিত ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। উৎসব বা উন্মাদনার নামে আঞ্চলিক মহাসড়কগুলোতে ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে বাইক চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা কিংবা ক্রীড়া উন্মাদনা যেন কখনো জীবনের চেয়ে বড় না হয়। বিশেষ করে উৎসবের মুহূর্তে তরুণদের বেপরোয়া বাইক চালানো রোধে অভিভাবক এবং প্রশাসনের আরো কঠোর নজরদারি প্রয়োজন। একটি মুহূর্তের অসতর্কতা একটি পরিবারকে চিরতরে ধ্বংস করে দিতে পারে।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
ভোলা জেলা প্রতিনিধি
০১৬১৬৬৬৭৪৯৬