মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) এখন পর্যন্ত ৮টি পেনাল্টি নিয়েছেন মেসি। এর মধ্যে ৪টিতেই তিনি গোল করতে পারেননি। অর্থাৎ বিশ্বকাপে নেওয়া তাঁর অর্ধেক স্পট কিকই জালে পৌঁছায়নি। চলতি আসরে এটি তাঁর দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে (টাইব্রেকার বাদে) একই আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টাইন অধিনায়ক।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বলের নিয়ন্ত্রণে কিছুটা ছন্দহীন ছিল আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৫তম মিনিটে এগিয়ে যায় মিসর। শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। তাঁর শক্তিশালী হেডে কোনো সুযোগই পাননি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
গোল হজমের পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ফ্রাঁসোয়া ল্যতেক্সিয়ে। স্পট কিকে বলের পেছনে দাঁড়ান লিওনেল মেসি। তবে ডান দিকের নিচু কোণে নেওয়া তাঁর শটটি অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। দারুণ এই সেভে মিসরের শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা।