মো: মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
ফেসবুকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি ও বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করার জেরে ভোলার বিবি সাওদা (৩৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে দলের কর্মী দাবি করে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ০৫ এপ্রিল দিবাগত রাতে ভোলা সদর মডেল থানার অধীনে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এক অভিযান চালিয়ে বিবি সাওদাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।
এই গ্রেফতারের প্রতিবাদে ভোলা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার জাকির হোসেন (জেলা আমির) অধ্যক্ষ নজরুল ইসলাম (জেলা নায়েবে আমির) হারুনুর রশিদ (জেলা সেক্রেটারি, মোঃ জামাল উদ্দিন (পৌর আমির) সহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিবি সাওদা কোনো অপরাধী নন, তিনি একজন সাধারণ সচেতন নাগরিক এবং জামায়াতের একজন একনিষ্ঠ নারী কর্মী। দেশের বর্তমান জ্বালানি সংকট ও সরকারের বিভিন্ন নীতি নিয়ে ফেসবুকে গঠনমূলক সমালোচনা করাই তার একমাত্র “অপরাধ।
একজন নারীকে কেবলমাত্র মতপ্রকাশের কারণে রাত ৮টায় ঘর থেকে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য ও আইনি প্রক্রিয়া হতে পারে না। এটি নিছকই বিরোধী মত দমনের এবং জনগণকে ভয় দেখানোর রাজনীতি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট মামলা বা ওয়ারেন্ট ছাড়া ৫৪ ধারা ব্যবহার করে নাগরিকদের গ্রেফতার করার পুরনো সংস্কৃতি এখনো চলছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন, সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে সাধারণ মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর নজরদারি এবং ঘরে ঢুকে গ্রেফতার করার এই প্রবণতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় ‘অশনিসংকেত। সংবাদ সম্মেলন থেকে বিবি সাওদাকে একজন সম্মানিত নারী ও রাজনৈতিক কর্মী হিসেবে সম্মানের সাথে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মো: মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬