নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও মেরামত কাজে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ পাওয়ায় শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বিদ্যালয়টির সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলামের সুপারিশক্রমে বিদ্যালয়টির সংস্কার ও মেরামত কাজের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থের মাধ্যমে বিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সংস্কার ও মেরামত কাজে বরাদ্দ দেওয়ায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও সুষ্ঠুভাবে কাজে লাগানোর মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি সুন্দর ও মানসম্মত পরিবেশ তৈরি হবে।