নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছাগলের পিপিআর (PPR) রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম রসুল রাজা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম কনক এবং উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা কাওছার এ-নুরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআর ছাগলের একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদান ও যথাযথ পরিচর্যার মাধ্যমে এ রোগের প্রাদুর্ভাব অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই ছাগল পালনকারীদের সরকারি টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিয়মিত পশুর স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পিপিআর রোগ প্রতিরোধে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ছাগলকে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ সুরক্ষা এবং খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।