নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রায় ৭ই নভেম্বরের ঐতিহাসিক ঘটনা এক অনন্য মাইলফলক।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।