জাহিদ হাসান
বিশেষ প্রতিনিধি
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে ঘানার আলোচিত তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক হয়ে উঠেছে।
ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, তার 'কালো জাদুতে' আর্জেন্টিনা গোলের দেখা পাবে না। কিন্তু বাস্তবে ম্যাচে আর্জেন্টিনা কেপ ভার্দের জালে তিনবার বল জড়ায় এবং ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে।
ম্যাচ শেষ হতেই নেটিজেনরা তান্ত্রিককে নিয়ে নানা ধরনের ট্রল শুরু করেন। অনেকেই মজা করে লিখছেন, "তান্ত্রিকের জাদু কালো হলেও, জাদুতে মায়া ছিল। তাই আর্জেন্টিনাকে তিন গোল করেই ছেড়ে দিল!" আবার কেউ মন্তব্য করছেন, "জাদু কাজ করেছে কেপ ভার্দের জন্য নয়, বরং আর্জেন্টিনার জন্য।"
তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ট্রল ও ব্যঙ্গাত্মক মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।