
হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় হঠাৎ রাতের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। রবিবার (৩ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন বিলের মাঝমাঠে দেখা গেছে এক ব্যস্ত ও করুণ চিত্র—পাকা ধান রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
বৃষ্টির পানিতে জমে থাকা মাঠ থেকে মাথায় করে ধান তুলে সড়কের পাশে অপেক্ষাকৃত উঁচু ও নিরাপদ স্থানে নিয়ে আসছেন তারা। সকাল থেকে শুরু হওয়া এই কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে, নেই কোনো বিশ্রাম বা ক্লান্তির অবকাশ। পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করে চললেও প্রকৃতির বিরূপ আচরণ যেন তাদের সেই স্বপ্নকে বারবার বাধাগ্রস্ত করছে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরেই তারা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ রাতের বৃষ্টিতে মাঠে কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে দ্রুত ধান সরিয়ে না নিলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।
একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দিন-রাত পরিশ্রম করি। মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করি। কিন্তু বৃষ্টি হলে সব শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। তার ওপর বাজারে ধানের দামও নেই—আমরা ন্যায্য মূল্য পাই না।”
আরেক কৃষক বলেন, “আজ সকাল থেকে একটানা ধান মাথায় করে তুলে আনছি। শরীর আর চলছে না, কিন্তু না করলে তো সব ধান নষ্ট হয়ে যাবে।”
এদিকে কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও ধানের বাজারমূল্য সে অনুযায়ী বৃদ্ধি পায়নি। ফলে পরিশ্রমের তুলনায় তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে কৃষকদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।
এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন কৃষকরা। তারা চান, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষের জীবিকা পুরোপুরি ফসলের ওপর নির্ভরশীল। তাই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বাজারে ন্যায্য মূল্য না পাওয়া—এই দ্বিমুখী সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।