হামিদুর রহমান রাজশাহী জেলা প্রতিনিধি :
অগ্রহায়ণের ভরা মৌসুমে আমন ধান ঘরে তোলার ব্যস্ত সময়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর তানোর উপজেলার জনজীবন ও কৃষি খাত। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার নিচু ও মাঝারি জমিতে পানি জমে পাকা ও আধা-পাকা আমন ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
রবিবার (২২ নভেম্বর)ভোরে ও কয়েক দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষক আমন ধান কাটা শুরু করলেও টানা বৃষ্টিতে কাটা ধান ও মাড়াইয়ের অপেক্ষায় থাকা ধানের আঁটি পানিতে ভিজে যাচ্ছে। কোথাও কোথাও দমকা হাওয়ায় পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধানে অঙ্কুরোদগম, খড় পচে যাওয়া এবং গো-খাদ্যের সংকট দেখা দিতে পারে। পাশাপাশি আগাম শীতকালীন শাকসবজি ও আলু চাষের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
এদিকে বৃষ্টি ও হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যান-রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের তেমন কিছু করার থাকে না। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে জমির আইল কেটে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সব মিলিয়ে, আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টি অব্যাহত থাকলে তানোরের কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।