মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলায় 'জুলাই সনদ ও গণভোট কার্যকর' করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় উপজেলা মসজিদ চত্বরে থেকে একটি গণমিছিল শুরু হয়ে বসুন্ধরা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের পক্ষে বক্তব্য তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান এবং সঞ্চালনা করেন পৌর আমীর তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি সানাউল্লাহ রাসেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান, মোস্তফা কামাল, আবু ইউসুফ, মাওলানা আবদুর রউফ, পৌর পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান, জয়নাল আবেদীন মাস্টার, ব্যবসায়ী নেতা রমজান আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে অংশগ্রহণকারীরা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করেন।