মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চর ছোট লামছিধলী নুর মিয়ার হাট বাজার সংলগ্ন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে কৃষি উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া সরকারি সম্পত্তি আজ অবহেলায় পড়ে আছে।
১৯৭০-এর দশকে ক্ষমতায় এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে গ্রামীণ কৃষি, শিক্ষা ও স্বনির্ভরতার ওপর তাঁর বিশেষ নজর ছিল। তাঁর চিন্তাধারার প্রতিফলনেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ছোট ছোট প্রকল্প ও দপ্তর স্থাপন করা হয়েছিল যাতে গরিব কৃষকরা সহজে সরকারি কৃষি সেবা পেতে পারেন।
দৌলতখানের এই সম্পত্তিও সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারি নথি অনুযায়ী, জমির মালিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা। তত্ত্বাবধানে রয়েছে উপজেলা কৃষি অফিস, দৌলতখান। মোট জমির পরিমাণ ৩৩ শতক, দাগ নম্বর ১১৫৬ ও খতিয়ান নম্বর ৩১০।
কিন্তু বর্তমানে এই সরকারি সম্পত্তি কার্যত পরিত্যক্ত। স্থাপনাগুলো ভগ্নপ্রায়, জমি আগাছায় ভরে গেছে, আর কোনো সরকারি কার্যক্রমও চলছে না। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা এই সম্পদ এখন অবৈধ দখলের ঝুঁকিতেও রয়েছে।
স্থানীয় প্রবীণরা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই জমিতে কৃষি অফিস স্থাপন করা হয়েছিল। তিনি চেয়েছিলেন গ্রামের মানুষ যেন সরকারি সেবা পায় তাদের দোরগোড়ায়। কিন্তু এখন সেই উদ্দেশ্য হারিয়ে গেছে।
এলাকার সচেতন মহল মনে করেন, এই সম্পত্তি পুনরায় সচল করা গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে। গরিব কৃষকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দৌলতখানের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন জিয়াউর রহমানের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে এই সরকারি সম্পত্তিকে পুনরায় কৃষি উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হোক।