শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত তরুণের অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গত ২৭ ফেব্রুয়ারি পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার হলিদাকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত রবিউল আউয়ালের ছেলে আব্দুল মুন্নাফ (১৯)-কে গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন।
পরিবার সূত্রে জানা যায়, মুন্নাফ নেশার টাকার জন্য প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পরিবারের অন্য কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় দণ্ড কার্যকরের পর তার বৃদ্ধ মা চরম অনিশ্চয়তায় পড়েন।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো অপরাধীর কারণে তার নিরপরাধ পরিবার যেন কষ্টে না পড়ে, সে বিষয়েও প্রশাসন সচেতন ও সহমর্মী।