জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচরের অলিগলিতে দিন দিন বেড়ে উঠছে কথিত “মুশকিল আহসান সেন্টার”। এলাকাবাসীর অভিযোগ, এসব কেন্দ্র আসলে পাতি নেতাদের প্রভাব বিস্তারের আখড়া, যেখানে অপরাধীদের তদবির করে রক্ষা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী কিংবা নারী নির্যাতনের মতো অপরাধে অভিযুক্ত অনেকেই এই কেন্দ্রগুলোর ছত্রছায়ায় থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে।
স্থানীয়রা বলছেন, ৫ তারিখের পর থেকে এলাকাজুড়ে যেন হঠাৎ করেই গজিয়ে উঠেছে শত শত তদবির কেন্দ্র। অপরাধের বিচার না হয়ে সমঝোতার নামে চলছে দরবার শরীফ ধাঁচের সালিশি কার্যক্রম। এর সুযোগে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
অভিযোগ আছে, এসব কেন্দ্র থেকে শুরু হয়েছে চাঁদাবাজির নতুন ধারা। রাস্তার ফকির থেকে মুদি দোকানদার পর্যন্ত—কেউই এদের চাঁদার থাবা থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিদিনই মানুষকে নানাভাবে অর্থ আদায়ের ফাঁদে ফেলা হচ্ছে।
বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়— “এখনই জনগণকে সচেতন হতে হবে। যদি ভোট দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের ক্ষমতায় তোলা হয়, তার দায় গোটা সমাজকে বহন করতে হবে। কাল হাশরের ময়দানে জনগণকেই এর জবাবদিহি করতে হবে।”
কামরাঙ্গীরচরের সাধারণ মানুষের প্রত্যাশা—প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং এসব পাতি নেতাদের অপতৎপরতা বন্ধ করবে। নচেৎ এলাকাটি দিন দিন আরও অশান্ত ও বিপজ্জনক হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।