স্টাফ রিপোর্ট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ছবিতে কদমতলী ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামান ও অন্য পুলিশ সদস্যদের আওয়ামী লীগের বিতর্কিত ও প্রভাবশালী এক কর্মীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মতো একটি নিরপেক্ষ ও রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে ফুল দিয়ে বরণ বা শুভেচ্ছা জানানোর বিষয়টি কোনোভাবেই ইতিবাচকভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এদিকে কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মোঃ মফিজুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র অহেতুক, মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে ফাঁড়ির ইনচার্জকে জড়িয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও, ছবিটিতে আইসি মফিজুর রহমানের কোনো অস্তিত্বই নেই।