মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা এবং বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ১৯৮২ সালের ‘মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স’ অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লাইসেন্স বাতিলের পর রোগী ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন রোগী ভর্তি বন্ধ থাকবে। তবে বর্তমানে ভর্তি থাকা রোগীদের মানবিক বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ভর্তি রোগীদের লাইসেন্সপ্রাপ্ত অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে রোগী ও তাদের পরিবারের অনুরোধের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
হাসপাতালটির বিরুদ্ধে অবহেলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মহাপরিচালক বলেন, বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
গত ২৭ মে ভোররাতে আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর সরকার একাধিক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল ব্যবস্থাপনার ত্রুটি এবং ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের অবহেলার বিষয়টি উঠে আসে।