
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে।
এ সময় চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ি, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তারা এ কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।