মোঃ শাহজাহান বাশার,
সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ (রবিবার)
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
জোবিঅ-আশুলিয়া আওতাধীন কাজী মার্কেট, ভূঁইয়াপাড়া, সারদাগঞ্জ ও কাশিমপুর এলাকায় পেট্রোবাংলা, আশুলিয়া এবং সাভারের জরুরি টিমের সহযোগিতায় অভিযান চালানো হয়। এতে প্রায় ১ কিলোমিটার বিতরণ লাইন অপসারণ, ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার সংযোগ বিচ্ছিন্ন এবং ১০০ মিটার পাইপ জব্দ করা হয়। অভিযানে মাসিক প্রায় ১২ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।
একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ এর আওতাধীন মিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ডেনিম এক্সপ্রেস অ্যান্ড ক্লথিং ও জি কেয়ার বিডি-তে অবৈধ সংযোগের আলামত পাওয়া যায় এবং আনুমানিক ৩৯৫টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪১৮ মিটার লাইন পাইপ ও ৫টি বার্নার জব্দ করা হয় এবং ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, জোবিঅ-জয়দেবপুর আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি ব্যবস্থাপকের উপস্থিতিতে পূর্বে বিচ্ছিন্নকৃত গ্রাহকদের সংযোগ স্থায়ীভাবে কেটে কিল করা হয়। বিচ্ছিন্ন গ্রাহকদের মধ্যে রয়েছেন—
১। মোঃ আব্দুল হালিম (১৩২-২৭৩৪৮), পূর্ব জয়দেবপুর, গাজীপুর
২। মোঃ রেজাউল ইসলাম (১৩২-৮০৮২), ক্যাডেট কলেজ আবাসিক এলাকা
৩। মোঃ এনায়েত হোসেন (১৩২-৩১১৯৫), মারিয়ালী, গাজীপুর
৪। মোঃ রফিকুল ইসলাম (১৩২-১৬৯৪৫), পশ্চিম জয়দেবপুর, গাজীপুর
৫। নিউ গাজীপুর বিরানি হাউজ (২৩২-২৩৩), মিতালি পাড়া, গাজীপুর
এছাড়াও পশ্চিম চাপুলিয়া এলাকায় অবৈধ ২টি রাইজার থেকে ৭টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিভিন্ন ব্যাসের ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এবং ভিজিল্যান্স বিভাগের যৌথ টিম কেরানীগঞ্জের হাসনাবাদে অভিযান চালায়। বসুন্ধরা রেডিমিক্স সংলগ্ন একটি অবৈধ চুনা কারখানায় ২০ ইঞ্চি গ্যাস লাইনে সরাসরি সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। অপারেশন বিভাগের সহায়তায় সংযোগটি বিচ্ছিন্ন ও কিলিং/ক্যাপিং করা হয়। একই টিম ডকইয়ার্ড সংলগ্ন নামবিহীন আরেকটি চুনা কারখানার অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে।
অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন নারায়ণগঞ্জের ভুইগড়, গিরিধারা ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে টিপটপ মশার কয়েল (প্রধানীয়া কনজুমার প্রোডাক্টস), রাকি চানাচুর (ভাই ভাই ফুড প্রোডাক্টস), সুচি বিস্কুট (মদিনা এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ), নিউ একতা ওয়াশ, জাহান ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রি, রাকি চানাচুর-২ (অবৈধ বিস্কুট কারখানা) এবং এন থ্রি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা জরিমানা এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৪২০ ফুট জিআই পাইপ, ১০০ ফুট হোস পাইপ, ৬টি স্টার বার্নার, ৪০ ফুট প্লাস্টিক হাইড্রোলিক, একটি ব্লোয়ার, একটি আবাসিক বার্নার, একটি কম্প্রেসার, একটি বুস্টার, ২টি আবাসিক রেগুলেটর এবং ৩টি এলপি রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে ২৯৯টি শিল্প, ৩৮১টি বাণিজ্যিক এবং ৬৭ হাজার ৪৯৭টি আবাসিকসহ মোট ৬৮ হাজার ১৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১ লাখ ২৮ হাজার ৯৯১টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ২৪৭.৫ কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।