শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের অভিযানে সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের ওপর হামলা ও চোরাচালান মামলার এজাহারভুক্ত আসামি জিয়ারুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৪ মে) উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত জিয়ারুল ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
মধ্যনগর থানার (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর উপজেলার বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এ ঘটনায় চোরাচালান ও হামলার অভিযোগ এনে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম ওই মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।